
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
বগুড়ার এরুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে তিনজনই গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহত তিনজনই ছিলেন কৃষি শ্রমিক। কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে অপেক্ষা করার সময় দুর্ঘটনায় প্রাণ হারান তারা। নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে আবু সাইদ (৪৫), একই ইউনিয়নের বইল গ্রামের খয়বর আলীর ছেলে নুর আলম (৪০) এবং কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ গ্রামের আজমত শেখের ছেলে আব্দুল সামাদ (৬৫)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। কৃষি শ্রমিক হিসেবে বিভিন্ন স্থানে কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনার দিনও কাজের আশায় বগুড়ার এরুলিয়া এলাকায় সড়কের পাশে অপেক্ষা করছিলেন তারা। এ সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজনের সঙ্গে প্রাণ হারান গোবিন্দগঞ্জের এই তিন শ্রমিক। নিহত তিনজনই ছিলেন নিজ নিজ পরিবারের কর্তা ও পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে পরিবারগুলো। কীভাবে সংসারের খরচ চলবে, সন্তানদের পড়াশোনা ও নিত্যদিনের প্রয়োজন কীভাবে মেটানো হবে এসব নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। নিহতদের পরিবারের সদস্যরা জানান, অভাবের সংসারে জীবিকার তাগিদেই প্রতিদিন কাজের সন্ধানে বের হতে হতো তাদের।
কিন্তু সেই কাজের সন্ধানেই যে তাদের শেষবারের মতো বাড়ি থেকে বের হতে হবে, তা কখনো ভাবেননি স্বজনরা। তিন শ্রমিকের মৃত্যুতে গোবিন্দগঞ্জের সংশ্লিষ্ট গ্রামগুলোতেও নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীরা দ্রুত দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন।