Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক ►
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে ‘বাড়াবাড়ি না করার’ হুমকি পেয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। শুধু মামলার বিষয়ে নীরব থাকার হুমকিই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলা হয়েছে, মামলা নিয়ে বেশি এগোলে সালমান শাহর ছোট ভাই শাহরানকেও ‘একইভাবে’ হত্যা করা হবে। বুধবার (১২ জুলাই) ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান আলমগীর কুমকুম। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া হুমকি বার্তার একটি স্ক্রিনশটও সাংবাদিকদের দেখান তিনি।

এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন শুনানি হয়। শুনানিতে উপস্থিত ছিলেন মামলার বাদী আলমগীর কুমকুম। আলমগীর কুমকুম জানান, সালমান শাহর ভক্ত পরিচয় দেওয়া ‘মামুন’ নামে এক ব্যক্তির ফেসবুক লাইভের মন্তব্যে ‘শাকিল কিবরিয়া (Shakil Kibria)’ নামের একটি আইডি থেকে ওই হুমকি দেওয়া হয়। মন্তব্যে সালমান শাহর মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করার পাশাপাশি মামলা নিয়ে এগোলে তাঁর ভাই শাহরানকে একইভাবে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে আলমগীর কুমকুম বলেন, ‘এ ঘটনায় আমরা রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি। কারণ, সালমান শাহ হত্যা মামলাটি রমনা থানাতেই দায়ের করা হয়েছে। এদিকে, ডনের জামিন শুনানিতে তাঁর পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নাকচ করে দেন।

আদালতে উপস্থিত সালমান শাহর ভক্ত পরিচয় দেওয়া মামুন সাংবাদিকদের বলেন, সালমান ভক্তদের নিয়ে মানববন্ধনের আহ্বান জানাতে তিনি ফেসবুকে লাইভে ছিলেন। সেই সময় লাইভের মন্তব্যে হত্যার হুমকিটি আসে। পরে মন্তব্যটি মুছে ফেলা হয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হুমকির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সালমান শাহ হত্যা মামলায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

এর আগে গত রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লিও, আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। মৃত্যুর পর তাঁর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে একটি অপমৃত্যুর মামলা করেন। পরে ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad