Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দেব-শুভশ্রীর রোমান্স

দেব-শুভশ্রীর রোমান্স

বিনোদন ডেস্ক ►
ভারতের স্বাধীনতা দিবসের সকালে ‘দেশু’প্রেমীদের জন্য এলো বড় চমক। প্রকাশ্যে এসেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’-এর নতুন পোস্টার। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের আলোচনায় পুরনো এই জুটির রসায়ন। একসময় টলিউডের অন্যতম আলোচিত অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি ছিলেন দেব-শুভশ্রী। নতুন পোস্টারে সেই পুরনো রসায়নেরই যেন ঝলক দেখা গেল। পাহাড়ি লাদাখের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে ক্রুজার বাইকের ওপর দেব ও শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্ত নজর কেড়েছে দর্শকদের।

পোস্টারে শুভশ্রীর বুকে মাথা রেখে তাকে জড়িয়ে থাকতে দেখা গেছে দেবকে। অন্যদিকে শুভশ্রীও আলতো করে আগলে রেখেছেন তাকে। দুজনের এই আবেগঘন মুহূর্তে ফুটে উঠেছে ভালোবাসা ও রোমান্সের আবহ। শুভশ্রীর পরনে থাই স্লিট গাউন, আর তার সঙ্গে লেদার জ্যাকেট; বিপরীতে লেদার জ্যাকেট ও জিনসে দেখা গেছে দেবকে।

পোস্টারটি প্রকাশ করে বিশেষ ক্যাপশনও দিয়েছেন শুভশ্রী। তিনি লিখেছেন, ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা.., তাঁদের চোখে ভালোবাসা, শিরায় আগুন। রোমান্স আর অ্যাকশনের নতুন চ্যাপ্টারের জন্য তৈরি থাকুন’। নতুন পোস্টার প্রকাশের পরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেব-শুভশ্রীর ভক্তরা পুরনো দিনের জুটিকে নতুন করে পর্দায় দেখার উচ্ছ্বাস প্রকাশ করছেন।

পাশাপাশি দেবের বর্তমান স্ত্রী রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়েও মজার মন্তব্য করেছেন অনেকে। তবে মজা-ঠাট্টার পাশাপাশি রাজ ও রুক্মিণীর পেশাদারিত্বের প্রশংসাও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘রাজ রুক্মিণী সহযোগিতা জন্য আজকে দেব শুভশ্রী নতুন ভাবে কাজ শুরু করতে পেরেছে’।

এর আগে লাদাখে সিনেমাটির একটি গানের শুটিং করেছেন দেব ও শুভশ্রী। শুটিং শেষে কলকাতা বিমানবন্দরে তাদের ‘গুডবাই হাগ’ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়েছিল। এবার নতুন পোস্টারে সেই রসায়নের প্রতিফলন দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। উল্লেখ্য, দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ গত বছর মুক্তি পেলেও সিনেমাটির শুটিং হয়েছিল ২০১৫ সালে। অর্থাৎ প্রায় ১১ বছর পর নতুন করে একসঙ্গে কাজ করছেন একসময়ের আলোচিত এই জুটি।

‘দেশু ৭’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে দেবের। সিনেমাটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স—গুরুপদ অধিকারী ও দেব অধিকারী। সহযোগী প্রযোজনায় রয়েছে এসএসআর সিনেমাস। পূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad