
সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার শাহবাজেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণকাজে নিম্নমানের ইট, সিমেন্ট ও রড ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ভবনটির তিনটি কক্ষের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি ময়লা-আবর্জনা ও বর্জ্য রেখেই ঢালাই দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হলেও তা আমলে না নিয়ে ঠিকাদারের লোকজন দায়সারাভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি বাধা দেওয়ার পরও কাজ বন্ধ করা হয়নি।
সরেজমিনে স্থানীয়দের দেখানো বিভিন্ন স্থানে দেখা যায়, নির্মাণাধীন ভবনের বিমের নিচ ও দুপাশ দিয়ে রড বেরিয়ে রয়েছে। কোথাও কোথাও রডে মরিচাও ধরেছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বিম ঢালাইয়ের সময় ময়লা-আবর্জনা ও অন্যান্য বর্জ্য যথাযথভাবে অপসারণ না করেই ঢালাইয়ের কাজ করা হয়েছে। ভবন নির্মাণে ব্যবহৃত ইট, সিমেন্ট ও রডের মান নিয়েও শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন স্থানীয়রা।