
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা ফুটবল একাডেমি ও এল্ডার সকার ক্লাবের যৌথ আয়োজনে শুক্রবার বিকেলে গাইবান্ধা স্টেডেডিয়ামে প্রীতি নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার জেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদুজ্জামান শহীদ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় ফুটবল একাডেমি ৫-১ গোলে সরকারি শিশু পরিবার বালিকা দলকে পরাজিত করে। বিজয়ী দলের সাধনা অনবদ্য নৈপুণ্যে হ্যাটট্রিক সহ চার গোল করেন। অপর গোলদাতা ছিলেন সোনালী। শিশু পরিবারের হয়ে একমাত্র গোলটি করেন নূর সানা। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি। খেলা পরিচালনা করেন লিমন এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শিমুল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার বলেন, নারী ফুটবলে বাংলাদেশের সাম্প্রতিক অনন্য উত্থানে অন্য দেশগুলো সমীহ করতে বাধ্য হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের মেয়েদের ক্রীড়াচর্চায় আগ্রহী করে তুলতে হবে। সরকার নানাভাবে ফুটবলসহ সব ধরনের খেলাধুলায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে চলেছে। তিনি শুক্রবার বিকেলে গাইবান্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি নারী ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।