
নিজস্ব প্রতিবেদক ►
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও গাইবান্ধা জেলার সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের ২০২৫ সালের সম্মাননা দেওয়া হলো। গতকাল সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম এর সভাপতিত্বে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রশাসক ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, এনডিসি মো. সাব্বির আহমেদ, জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার। এছাড়াও জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
২০২৫ সালের সম্মাননা পেলেন:-সৃজনশীল সাংস্কৃতিক গবেষক বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিষয়ের শিক্ষক ও গাইবান্ধার সন্তান ড. মো. শহীদুর রহমান, নাট্যকলায় খন্দকার রশিদ আহমেদ (আশিষ খন্দকার), ফটোগ্রাফিতে মো. রফিকুল ইসলাম, কণ্ঠসংগীতে এটিএন তারকা খ্যাত মো. রেজওয়ানুল হক এবং সংগঠনে-বালাশী বাউল একাডেমি। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি ও সংগঠনকে উত্তরীয় পরিয়ে দিয়ে প্রত্যেককে মেডেল, সার্টিফিকেট ও সম্মানী হিসেবে ২০ হাজার করে টাকা দেওয়া হয়।