Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বগুড়ায় চানাচুর নোংরা পরিবেশে উৎপাদন, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় চানাচুর নোংরা পরিবেশে উৎপাদন, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি ►
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন ও অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের অভিযোগে ‘ডলার চানাচুর এন্ড সেমাই কারখানা’কে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল। এরআগে এদিন দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার চেলোপাড়ায় অবস্থিত ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক, বগুড়ার সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, কারখানাটিতে পায়ে মাড়িয়ে ময়দার ডো প্রস্তুত করে চানাচুর তৈরি করা হচ্ছে। একইভাবে ময়লা মেঝেতে পায়ে মাড়িয়ে চানাচুরে মসলা মাখানো হচ্ছিল। উৎপাদিত খাদ্যও ময়লা মেঝেতে সংরক্ষণ করা হচ্ছিল এবং আশপাশে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকতে দেখা যায়।

এ ছাড়া দীর্ঘদিনের পোড়া তেল ব্যবহার করে চানাচুর ভাজা এবং অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। সামগ্রিকভাবে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল বলে অভিযানে উঠে আসে। খাদ্যকর্মীরাও ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না।এসব অপরাধে প্রতিষ্ঠানের দায় স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে কারখানাটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল। এ সময় কারখানা কর্তৃপক্ষকে সরকারের প্রচলিত সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad