
অনলাইন ডেস্ক ►
আগামী পাঁচ বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে সারা দেশের ডিজেলচালিত সেচ পাম্পগুলোকে সৌরবিদ্যুৎচালিত ব্যবস্থার আওতায় নেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের (মেহেরপুর-১) সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।পর্যায়ক্রমে সব ডিজেলচালিত পানির পাম্পকে সৌরবিদ্যুৎ কর্মসূচির আওতায় আনা হবে জানিয়ে তারেক রহমান বলেন, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে। যেসব স্থানে ডিজেল দিয়ে পানির পাম্প চালানো হয় সবগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে আমরা সৌর বিদ্যুতের আওতায় নিয়ে যাব।
ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে সেচের জন্য কৃষকদের বিনা মূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার সরকারের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান এ কথা বলেন। এছাড়া সংসদ সদস্যের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো নিয়ে সরকারের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেই সঙ্গে ২০৩০ সালের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট, ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎ থেকে সাড়ে চার হাজার মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য থেকে জ্বালানি, জলবিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ, কৃষিজমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য নবায়নযোগ্য উৎস থেকে ৪৫০ থেকে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
সংরক্ষিত নারী আসন-১১-এর সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহারে উৎসাহ দিচ্ছে সরকার। এসব ব্যাটারি উৎপাদনকারী শিল্পকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, সিসা-অ্যাসিড ব্যাটারিতে এমন অ্যাসিড ব্যবহার করা হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। অন্যদিকে লিথিয়াম ব্যাটারি পরিবেশের জন্য তুলনামূলকভাবে বেশি নিরাপদ।
তিনি আরও জানান, সরকার লিথিয়াম ব্যাটারিকে উৎসাহিত করার চেষ্টা করছে। লিথিয়াম ব্যাটারি উৎপাদনের জন্য যেসব শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, সরকার তাদের সব ধরনের সহযোগিতা দেবে। এ সময় ভবিষ্যতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় লিথিয়াম ব্যাটারি ব্যবহার বাধ্যতামূলক করা হতে পারে বলেও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রথম আধা ঘণ্টা প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।