
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ►
সীমানা ও ভাষার দেয়াল পেরিয়ে ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে রংপুরের পীরগঞ্জের এক তরুণীকে পারিবারিকভাবে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর ২৯ বছর বয়সী ওই চীনা যুবকের নাম রাখা হয়েছে ‘আয়ান ইসলাম’।
পারিবারিক সূত্রে জানা গেছে, আয়ান ইসলামের পূর্বের নাম ছিল ঝাওহুইয়ান। তিনি চীনের সিচুয়ান প্রদেশের পিংচাং কাউন্টির ইয়াঙ্কু টাউনশিপের তুবা গ্রামের বাসিন্দা। প্রায় এক বছর আগে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামের তরুণী আবিদা সুলতানার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে ধীরে ধীরে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। সেই ভালোবাসার পরিণতি টানতেই তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।
পরিকল্পনা অনুযায়ী, গত ২৫ আগস্ট ভোরে ঢাকায় পৌঁছান ঝাওহুইয়ান। সেখান থেকে বাসে করে চলে যান রংপুরে এবং পীরগঞ্জে গিয়ে প্রেমিকা আবিদার সঙ্গে দেখা করেন। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে উভয় পক্ষই এই সম্পর্ক মেনে নেয়। এরপর গত ৯ সেপ্টেম্বর রংপুরে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি এবং নতুন নাম নেন ‘আয়ান ইসলাম’। পরদিন বৃহস্পতিবার রাতে দুই পরিবারের সম্মতিতে ধর্মীয় রীতি মেনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
স্থানীয় শানেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল এবং উভয় পরিবারের উপস্থিতিতেই সুন্দরভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। এদিকে চীন থেকে এক যুবকের আগমন ও স্থানীয় তরুণীকে বিয়ের খবর ছড়িয়ে পড়তেই নবদম্পতিকে একনজর দেখতে তাঁদের বাড়িতে আশপাশের উৎসুক মানুষের ভিড় জমছে।
উল্লেখ্য, এর আগে গত ৫ সেপ্টেম্বর প্রেমের টানে ডং লিয়াং নামের আরেক চীনা নাগরিক টাঙ্গাইলের সখীপুরে এলেও প্রেমিকার পরিবারের আপত্তির কারণে বিয়ে করতে না পেরে ফিরে যান। তবে পীরগঞ্জের ঘটনায় উভয় পরিবারের পূর্ণ সম্মতিতে সুখকর পরিণতি পেল এই আন্তর্জাতিক প্রেমকাহিনি।