
মহিমাগঞ্জ প্রতিনিধি ►
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, মাদকের ছোবল থেকে পরিবার, সন্তান ও যুবসমাজকে রক্ষায় খেলাধুলার কোনও বিকল্প নেই। গত শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম এম এ মোত্তালিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন, বর্তমান সরকার ও সুযোগ্য প্রধানমন্ত্রী যুব সমাজকে রক্ষায় ক্রীড়ার উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। নগর-শহর থেকে শুরু করে গ্রামে-গঞ্জের ক্রীড়াঙ্গণের নতুন করে প্রাণ সঞ্চারে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যোবায়েরুল হক, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা রবিউল ইসলাম খাজা প্রমুখ।
এর আগে শুক্রবার বিকেলে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন নিজ জন্মভূমি মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাঁর মরহুম পিতা একই আসনের সাবেক সংসদ সদস্য এম এ মোত্তালিব এর স্মরণে মরহুম এম এ মোত্তালিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন। এ সময় তিনি খেলোয়াড় এবং উপস্থিত দর্শকদের সাথে কুশল বিনিময় করেন। শুক্রবারের উদ্বোধনী এ খেলায় সিরাজগঞ্জ জেলা একাদশ এবং মহিমাগঞ্জ এম এ মোত্তালিব স্মৃতি সংসদ অংশগ্রহণ করে।