
অনলাইন ডেস্ক ►
ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে গুণী অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর কামরাঙ্গা নামের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বাসা থেকে বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা।
ফজলুর রহমান বাবু জানান, পেশাগত কারণে পরিবার নিয়ে ঢাকায় থাকলেও মাসে এক-দুইবার ফরিদপুরের পৈতৃক বাড়িতে আসেন তিনি। প্রায় ২০-২৫ দিন আগে বাড়িতে এসে দুই দিন অবস্থান করে ঢাকায় ফিরে যান। সোমবার রাতে বাড়িতে এসে বিদ্যুতের লাইট জ্বালাতে গিয়ে দেখেন কোনো লাইট জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখতে পান, মেইন লাইনের তার, ছাদের দুটি স্প্লিট, এসির ভেতরের তামার তারও কেটে নেওয়া হয়েছে। বাইরে থাকা আরো কিছু মালামালও চুরি হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজে থাকা খাবারসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। প্রায় ছয়-সাত মাস আগেও তার বাড়ির বৈদ্যুতিক তার কেটে নিয়ে গিয়েছিল চোরেরা। শুধু আমার বাড়িতেই নয়, আশপাশের প্রায় প্রতিটি বাড়ি থেকেই নিয়মিত এসি, তার ও গ্যারেজের সরঞ্জাম চুরি হচ্ছে। এক সময় পশ্চিম আলীপুর অত্যন্ত শান্ত ও নিরাপদ এলাকা ছিল। কিন্তু বর্তমানে চুরির উপদ্রব বেড়ে গেছে।