
অনলাইন ডেস্ক ►
প্রচলিত বাজার যখন ক্রমেই সংগীতের জগৎ থেকে মুখ ফিরিয়ে নাটক, ওয়েব কনটেন্ট ও দৃশ্যনির্ভর বিনোদনের বিস্তৃত পরিসরে ধাবিত হচ্ছে, ঠিক সেই সন্ধিক্ষণে বাংলা গানের প্রতি দায়বদ্ধতা ও গভীর অনুরাগ থেকে একক ডিজিটাল অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটির এই উদ্যোগের ধারাবাহিকতায় শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে কণ্ঠশিল্পী কাজী শুভর একক ডিজিটাল অ্যালবাম ‘কেউ বুঝলো না’।
নয়টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে ভিন্নধর্মী গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন কাজী শুভ। অ্যালবামের গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সালাহউদ্দিন সাগর, হুমায়ূন কবির, আরিফ হোসেন বাবু, আল-আমিন সরকার ও হানিফ খান। গানগুলোর সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ূন কবির, আল-আমিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। অ্যালবামের সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবির। একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।
দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে কাজী শুভ বলেন, “দীর্ঘ বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। অডিওর এই খারাপ সময়ে ধ্রুব দা যে ঝুঁকিটা নিয়েছেন, তার জন্য দাদার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী ও ভালো উদ্যোগ। কারণ তার এই উদ্যোগ দেশের অডিও শিল্পকে আরও সমৃদ্ধ করবে। অ্যালবামে যারা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। অ্যালবামের নয়টি গানই নয় রকমভাবে করার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।”
ডিএমএসের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, “বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ডিএমএস। সময়ের প্রবল স্রোতে যখন শ্রুতির জগত ক্রমশ দৃশ্যের কাছে তার পরিসর হারাচ্ছে, তখন বাংলা গানের স্বকীয়তা, ঐতিহ্য ও মায়াময় আবেশকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এই উদ্যোগ নতুন করে শ্রোতাদের মধ্যে বাংলা গান নিয়ে আগ্রহ তৈরি করবে বলে আমি বিশ্বাস করি। ডিএমএস সূত্রে জানা গেছে, শিগগিরই ইউটিউব, স্পটিফাইসহ দেশি-বিদেশি সব সংগীত প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে অ্যালবামটি।