
ভবতোষ রায় মনা ►
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ও যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে ঈদের দ্বিতীয় দিনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বালাসীঘাটে নেমেছে দর্শনার্থীদের ঢল। ব্রহ্মপুত্র নদের পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সকাল থেকেই জেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে ঘাট এলাকা।
আজ ২২ মার্চ রোববার (ঈদের দ্বিতীয় দিন) সরেজমিনে দেখা যায়, বালাসীঘাটের বিশাল চরে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে ঘুরতে এসেছেন সব বয়সী মানুষ। কেউবা ট্রলারে করে ব্রহ্মপুত্র নদের বুকে ঘুরে বেড়াচ্ছেন, আবার কেউ ঘাটের বালুচরে বসে আড্ডায় মেতেছেন। দূর-দূরান্ত থেকে আসা মানুষের আগমনে ঘাটের বিভিন্ন খাবারের দোকান ও অস্থায়ী চটপটি-ফুচকার দোকানগুলোতেও ছিল উপচে পড়া ভিড়।
দর্শনার্থীরা জানান, গাইবান্ধায় বিনোদনের তেমন বড় কোনো জায়গা নেই। বালাসীঘাটের এই বিশাল চর এবং নদের বিশাল জলরাশি মানুষকে মুগ্ধ করে। ঈদের ছুটিতে খোলা আকাশের নিচে একটু প্রশান্তির খোঁজে তারা পরিবার নিয়ে এখানে ছুটে এসেছেন। বিশেষ করে ঘাটের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণাধীন পিলারের দৃশ্য এবং নদের শান্ত পরিবেশ তাদের মুগ্ধ করছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সারা বছর ঘাটে তেমন ভিড় না থাকলেও ঈদের দিনগুলোতে দর্শনার্থীদের সংখ্যা বহুগুণ বেড়ে যায়। এতে বেচাকেনাও ভালো হচ্ছে, যা তাদের জন্য বাড়তি আনন্দের। তবে ট্রলারে পর্যাপ্ত লাইফ জ্যাকেট না থাকায় এবং অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা চলাচলের ক্ষেত্রে দর্শনার্থীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।