Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

অনলাইন ডেস্ক ►
বিশিষ্ট কবি ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক আল মুজাহিদী আর নেই। শুক্রবার (১৯ জুন) বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আল মুজাহিদী। তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। কবির মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী জানান, প্রায় দুই বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তাঁর বাবা। এর মধ্যে হৃদ্‌যন্ত্রে দুবার রিং পরানো হয়েছিল। গত বছরের জুলাই মাসে তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হন। পরবর্তীতে কিডনির সমস্যাও দেখা দেয়।

তিনি জানান, গত ২৩ এপ্রিল আল মুজাহিদীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২৬ মে তাঁকে উত্তরার ১০ নম্বর সেক্টরের বাসভবনে নিয়ে যাওয়া হয়। তবে পুনরায় অসুস্থ হয়ে পড়লে ৪ জুন তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর কিডনি, হৃদ্‌যন্ত্রসহ একাধিক অঙ্গের কার্যক্ষমতা কমে গেছে।

মারিয়ামা আরও বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৫ জুন আবারও তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শুক্রবার গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত (কার্ডিয়াক অ্যারেস্ট) হলে বেলা ১টা ৪০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানাজার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, শনিবার তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

১৯৪৩ সালের ১৯ জুন টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন কবি আল মুজাহিদী। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত হন। আল মুজাহিদীর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক, যার মধ্যে রয়েছে ২০টিরও বেশি কাব্যগ্রন্থ। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, ছোটগল্প এবং শিশুসাহিত্য রচনাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad