Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা: এস জয়শঙ্কর

এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা: এস জয়শঙ্কর

অনলাইন ডেস্ক ►

যুদ্ধ, তেল ও গ্যাস সংকটের জেরে আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বে, বিশেষ করে এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত একটি উন্মুক্ত আলোচনা সভায় তিনি এই সতর্কবার্তা দেন। খবর এপিবি আনন্দ।  

জয়শঙ্কর বলেন, বর্তমানে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ রয়েছে। কারণ বাজারে জ্বালানির সরবরাহ খুবই টানটান অবস্থায় রয়েছে। এর সঙ্গে যদি কোনো দেশ জ্বালানি সরবরাহ নিয়ে রাজনীতি করে, তাহলে বাজারের জটিলতা আরও বাড়বে। এমন সময়ে জ্বালানির দাম বাড়বে, যখন বরং দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা প্রয়োজন।  

এপিবি আনন্দ তার ওই বক্তব্যের সূত্র ধরে জানিয়েছে, বিশ্বের অন্যতম শীর্ষ চাল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ ভারতে ধান উৎপাদনে অনাবৃষ্টি, অতিবৃষ্টি কিংবা খরার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহে বিঘ্ন ঘটলে অভ্যন্তরীণ বাজারেও চালের দাম বৃদ্ধির ঝুঁকি রয়েছে। যদিও সরকারি শস্য মজুদ কিছুটা স্বস্তি দিচ্ছে, তবু বাজারদর যে অপরিবর্তিত থাকবে না এমন আভাস মিলছে।  

​একইভাবে গমের ফলন ব্যাহত হলে সরাসরি ময়দা, পরিশোধিত ময়দা ও গমভিত্তিক বিভিন্ন খাদ্য পণ্যের দাম বেড়ে যেতে পারে। এর প্রভাবে বিস্কুট, রুটি, স্ন্যাকসসহ নানা প্যাকেটজাত খাবারের বাজারও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ডাল ও ভোজ্যতেলের বাজার মূলত বৈশ্বিক সরবরাহ এবং আমদানির ওপর নির্ভরশীল। কোনো প্রধান রপ্তানিকারক দেশে ফসল হানি ঘটলে আমদানিকারক দেশগুলোতে খাদ্য পণ্যের আকাশচুম্বী দাম সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে যেতে পারে।  

​খাদ্য সংকটের পাশাপাশি সার ও কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধি সার্বিক মূল্যস্ফীতিকে আরও উসকে দিচ্ছে। রাশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে ইউরিয়া ও ফসফেটের বিশ্ববাজার এখন অনেকটাই অস্থির। সাম্প্রতিক তথ্যানুযায়ী, সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় কৃষকদের চাষাবাদের খরচ বিপুল পরিমাণে বেড়েছে। 

ফলস্বরূপ, উৎপাদিত ফসলের চূড়ান্ত বাজারদরে এর নেতিবাচক প্রভাব পড়া স্বাভাবিক।  ​এর বাইরে এল নিনোর প্রভাবে অস্বাভাবিক বৃষ্টিপাত এশিয়ার কৃষি খাতকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। একদিকে যুদ্ধের কারণে তৈরি হওয়া কৃত্রিম সরবরাহ সংকট, অন্যদিকে বৈরী আবহাওয়ার ভয়াবহ রূপ—এই দুই সংকট একসঙ্গে যুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে আগামী দিনে খাদ্যদ্রব্যের দামে নজিরবিহীন চাপ সৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad