
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্কুলভিত্তিক চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ ক্যাম্পে মোট ১১৫ জন শিক্ষার্থী চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করে। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন এসকেএস আই হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. এম এ আউয়াল।
ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩৫ জন দরিদ্র শিক্ষার্থীকে চোখের চিকিৎসার জন্য বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় এবং ৫ জন শিক্ষার্থীকে দৃষ্টি সমস্যার কারণে বিনামূল্যে চশমা দেওয়া হয়। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
জার্মানভিত্তিক সংস্থা আন্ধেরী হিলফের অর্থায়নে এবং এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে পরিচালিত এ ক্যাম্পে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ারুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।