
মোস্তাফিজুর রহমান ►
গাইবান্ধায় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আন্তঃহাউস ফুটসাল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এসকেএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টুর্নামেন্টে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে।
টুর্নামেন্টের চূড়ান্ত ফলে ৭ম শ্রেণি ডালিয়া শাখা চ্যাম্পিয়ন এবং ৯ম শ্রেণি ডালিয়া শাখা রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। তৃতীয় স্থান অর্জন করে ১০ম শ্রেণি দোলনচাঁপা এবং চতুর্থ স্থান অর্জন করে ৭ম শ্রেণি দোলনচাঁপা। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ৮ম শ্রেণি ডালিয়া শাখা।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য ৭ম শ্রেণি ডালিয়া শাখার পারভেজ মিঞা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। একই শাখার মো. তাহের আল ওয়াফি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান। সেরা গোলরক্ষক নির্বাচিত হন মো. এলাহি ইসলাম। আর ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৭ম শ্রেণি ডালিয়া শাখার মো. সাইফ আহমেদ। খেলা শেষে বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের হাতে ট্রফি, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। সভাপতিত্ব করেন এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হলেন ড. অনামিকা সাহা, এসকেএস ফাউন্ডেশন-এর পাবলিক রিলেশন অ্যান্ড নেটওয়ার্কিং বিভাগের সমন্বয়কারী মো. আশরাফুল আলম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা। অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।