
অনলাইন ডেস্ক ►
নিসর্গ ও মানুষের অকৃত্রিম রূপকার, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ১০ অক্টোবর। ১৯২৪ সালের এই দিনে নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণকারী এই শিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিল্পী সুলতানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নড়াইল জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সমাধি জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও জীবনকর্ম নিয়ে আলোচনাসভা।
গ্রামীণ জীবনের সহজ-সরল মানুষ এবং তাদের শারীরিক ও আত্মিক শক্তির অপূর্ব সংমিশ্রণ ছিল সুলতানের তুলিতে। জীবদ্দশাতেই কিংবদন্তি হয়ে ওঠা এই শিল্পী বিশ্বমঞ্চে বাংলার নাম উজ্জ্বল করেছেন। তিনি ছিলেন প্রথম এশীয় চিত্রশিল্পী, যার শিল্পকর্ম পাবলো পিকাসো ও সালভাদর দালির মতো বিশ্ববিখ্যাত শিল্পীদের ছবির সঙ্গে প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করে। আজীবন দারিদ্র্যের মধ্যে থেকেও শিল্পের সাধনায় নিমগ্ন থাকা এই মহান শিল্পী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া সৃষ্টি অমর হয়ে আছে শিল্পপ্রেমী মানুষের হৃদয়ে।