
সঞ্জয় সাহা ►
গাইবান্ধা জেনারেল হাসপাতালকে চিকিৎসাযোগ্য করতে হবে। রোগীরা এখানে আসে বাঁচার জন্য অনেক আশা নিয়ে। চিকিৎসা নিতে এসে লাশ হয়ে ফিরবে এ প্রত্যাশায় কেউ আসেনা। যাতে আপনাদের সেবা-যত্নে, ভালবাসায় সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে যায়। আপনারা রোগীদের প্রতি যত্নশীল হবেন। হাসপাতালে বেশি করে ডাস্টবিন রাখতে হবে। হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা এটা বড় একটা বিষয়।
এখানে ডাক্তার, নার্সরা ঠিকমতো চিকিৎসা দিতে আসছে কিনা, ডিউটি ঠিকমতো করছে কিনা তা নিশ্চিত করতে হবে। হাসপাতালকে পুরোপুরি চিকিৎসা যোগ্য করতে চিকিৎসার জন্য আইসিইউসহ যেসব যন্ত্রপাতির সংকট রয়েছে আপনারা নোট করে আমার কাছে আবেদন করলে তা সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলে পূরনের চেষ্টা করব। আপনাদের সহযোগীতায় আমার লক্ষ্যে পৌছাতে পারব।
মঙ্গলবার গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: শহিদুল্লাহর নিকট জেলা পরিষদ কর্তৃক ইসিজি মেশিন বিতরণ ও আলোচনা সভায় হাসপাতাল সম্মেলনে কক্ষে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসন-২৮ (গাইবান্ধা ১, ২, ৩, ৫) আসনের জাতীয় সংসদ সদস্য এমপি মমতাজ আলম উপরোক্ত কথাগুলি বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: শহিদুল্লাহ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, গাইবান্ধা সিভিল সার্জন ডা: রফিকুজ্জামান, ডা: আ খ ম আসাদুজ্জামান সাজুসহ অনেকে। শেষে হাসপাতালের নতুন ভবনের সামনে কাঠবাদাম এর গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ।