.jpeg)
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আজ (শুক্রবার) সকাল ৯টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে শুরু হয়েছে।
এবারের নির্বাচনে মোট ১৩টি পদের মধ্যে ৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৮টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন, সড়ক সম্পাদক পদে ৩ জন এবং প্রচার সম্পাদক পদে ২ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নেন।
নির্বাচনে মোট ২ হাজার ২১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে । সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে শ্রমিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এরপর ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বরত ব্যক্তিরা সার্বক্ষণিক কাজ করছেন।