.jpg)
মেহেদী ►
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে আজ বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। দুপুরে একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশিদ। কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে প্রায় ২০০টি ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুদুর রহমান, ড. মো. ইসমাইল হোসেন, এবিএম জিলুর রহমান, কাইয়ুম আজাদ, হিসাবরক্ষক আবদুল হাই, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মো. মেহেদী হাসান, সহসভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নিফাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাদ্দেক সরকার মুহিত, ক্রীড়া ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রাতুল হাসান, তথ্য ও যোগাযোগ সম্পাদক সায়মা রাইয়ান অর্পিতা, সদস্য রাফিউজ্জামান ও আল ইমরান এবং প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন।
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশিদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যার দায়িত্বও নিতে হবে। প্রথম আলো বন্ধুসভার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মো. মেহেদী হাসান বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। আমরা চাই তরুণরা পরিবেশ রক্ষায় আরও বেশি সম্পৃক্ত হোক। একটি গাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ার পথে এক ধাপ এগিয়ে যাওয়া। প্রথম আলো বন্ধুসভা ভবিষ্যতেও পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।”