
নিজস্ব প্রতিবেদক ►
নয় দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান ও নীলাদ্রি বিজয় যাত্রার মধ্য দিয়ে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। শুক্রবার (২৪ জুলাই) উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শেষ হয় এ বছরের উৎসব। উৎসব উপলক্ষে প্রতিদিন হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী অংশ নেন।
শুক্রবার বিকেলে ৫টার দিকে ভিএইডি রোডের কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে থেকে নীলাদ্রি বিজয় যাত্রায় উল্টো রথের শোভাযাত্রা গাইবান্ধা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঢাক-ঢোলের বাদ্য এবং ভক্তদের উলুধ্বনিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় সুসজ্জিত রথে আরোহন করেন শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ভক্তরা রথ টেনে ধর্মীয় উচ্ছ্বাসে অংশ নেন এবং শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।
সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়। এ বছর গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে শহরের কলেজ রোডের তিনগাছের তলা এলাকায় অবস্থিত ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভিএইডি রোডের কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে নয় দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার নীলাদ্রি বিজয় যাত্রার মাধ্যমে দেববিগ্রহকে নিজ মন্দিরে ফিরিয়ে নেওয়ার মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটে।