
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা পৌরসভা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও গাইবান্ধা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এ খেলায় গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ৫ উইকেটে হারিয়ে জয়লাভ করেছে গাইবান্ধা পৌরসভা।
শুক্রবার সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টারের আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক বাবলু খান।
খেলায় প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে দলটি ৮৮ রান সংগ্রহ করে। ফলে জয়ের জন্য গাইবান্ধা পৌরসভার সামনে লক্ষ্য দাঁড়ায় ৮৯ রান। জবাবে ব্যাট করতে নেমে জয়ের লক্ষ্যে এগিয়ে যায় গাইবান্ধা পৌরসভার খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
ফলে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে গাইবান্ধা পৌরসভা। খেলাকে কেন্দ্র করে জেলা স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। মাঠের লড়াইয়ে প্রতিদ্বন্দিতা থাকলেও পুরো আয়োজনজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।
আয়োজকরা জানান, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।