
অনলাইন ডেস্ক ►
যাঁরা অনিদ্রায় ভুগছেন বা দ্রুত গভীর ঘুমে তলিয়ে যেতে চান, তাঁদের জন্য সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি বিশেষ গান, যার নাম দেওয়া হয়েছে ঘুম থেরাপি এনথেম। গানটি লিখেছেন এবং সুর করেছেন বিশিষ্ট গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসনাত তাসনিম সংগীতা।
দীর্ঘ ১ ঘণ্টা ৪৯ মিনিট ১৩ সেকেন্ড ব্যাপ্তির এই গানটি খালিদ সংগীত-এর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। এটি কেবল একটি গান নয়, বরং শরীর ও মনকে শিথিল করার এক অনন্য উপায়।
মাহবুবুল খালিদের মতে, ইউটিউবে অনেক রিলাক্সিং মিউজিক থাকলেও তাতে সাধারণত শুধু বাদ্যযন্ত্রের ব্যবহার থাকে। কিন্তু ঘুম থেরাপি এনথেম-এ কথা, সুর ও সংগীতায়োজনের এমন এক সমন্বয় ঘটানো হয়েছে, যা মানুষের মনের দুশ্চিন্তা দূর করে প্রশান্তি বয়ে আনে। এটি একটি পরিপূর্ণ মেডিটেশন বা থেরাপির মতো কাজ করে।
শুধু গানটি শোনাই নয়, এর সঙ্গে কিছু নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। একটি আরামদায়ক পরিবেশ তৈরি করে গানটি শুনলে অনিদ্রা দূর হয়ে গভীর ঘুম আসা সহজতর হয়। ইউটিউব ও ওয়েবসাইট থেকে গানটি শোনার পাশাপাশি সেখানে ঘুমের জন্য সহায়ক কিছু টিপসও দেওয়া হয়েছে।
মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয় নিয়ে গান লিখে জনপ্রিয়তা পেয়েছেন। ইতিমধ্যে তাঁর লেখা পাঁচ শতাধিক গান প্রকাশিত হয়েছে। এর আগে মাগুরার ফুল ও মাইলস্টোনস ট্র্যাজেডির মতো সাড়া জাগানো গানে তাঁর মুন্সিয়ানা প্রকাশ পেয়েছে। বর্তমানে তিনি নতুন আরও অনেক গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।