Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

জাককানইবিতে আর্জেন্টিনার বর্ণাঢ্য শোভাযাত্রা, বড় পর্দায় খেলা দেখার সুখবর

জাককানইবিতে আর্জেন্টিনার বর্ণাঢ্য শোভাযাত্রা, বড় পর্দায় খেলা দেখার সুখবর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ►

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচকে কেন্দ্র করে বিশ্বজুড়ে চলমান ফুটবল উন্মাদনার রেশ ছড়িয়ে পড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসেও। প্রিয় দলকে অগ্রিম শুভকামনা জানাতে মঙ্গলবার ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রিয় দলকে অনুপ্রাণিত করতে এবং নিজেদের ফুটবলীয় আবেগ প্রকাশ করতেই সমর্থকরা এই জমকালো আয়োজনের উদ্যোগ নেন। দুপুরের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলের আর্জেন্টিনা সমর্থকরা আকাশী-সাদা জার্সি পরে, হাতে প্রিয় দলের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিদ্রোহী হলের সামনে জড়ো হতে থাকেন। এ সময় ব্যান্ডের তালে তালে এবং "আর্জেন্টিনা, আর্জেন্টিনা" স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা প্রদক্ষিণ করে। মিছিলটি একে একে জয়ধ্বনি মঞ্চ, নতুন কলা-বিজ্ঞান ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), নজরুল ভাস্কর্য, উন্নত মম শির, প্রশাসনিক ভবন এবং শিউলিমালা হল হয়ে বিশ্ববিদ্যালয়ের চিরচেনা বটতলা ঘুরে পুনরায় জয়ধ্বনি মঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষক ও শিক্ষার্থীদের এই মেলবন্ধন পুরো ক্যাম্পাসে এক দারুণ সম্প্রীতি ও উৎসবের আমেজ তৈরি করে।

র‌্যালি শেষে জয়ধ্বনি মঞ্চে সমবেত সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য রাখা হয়। সেখান থেকেই ফুটবলপ্রেমী সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো শিক্ষার্থীদের সরাসরি ও দলবদ্ধভাবে উপভোগ করার সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ উদ্যোগে টিএসসিতে এলইডি স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হবে।

প্রশাসন ও ছাত্রদলের এই যৌথ উদ্যোগকে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। র‌্যালিতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, প্রথম ম্যাচের আগের দিন এমন একটি বর্ণাঢ্য র‌্যালি তাদের উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তার ওপর ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার সুযোগ তৈরি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও হুল্লোড় এখন দ্বিগুণ। আলজেরিয়ার বিপক্ষে প্রিয় দল আর্জেন্টিনা এক দুর্দান্ত ও দাপুটে জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে-এমনটাই প্রত্যাশা জাককানইবির শত শত আর্জেন্টিনা ভক্তের।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad