Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রইদ সিনেমার বিশেষ কনসার্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রইদ সিনেমার বিশেষ কনসার্ট

অনলাইন ডেস্ক ►

মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা হাওয়ার আকাশচুম্বী সাফল্যের পেছনে অন্যতম চালিকাশক্তি ছিল এর শ্রুতিমধুর ও জনপ্রিয় গানগুলো। সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মাতা এবার তার নতুন চলচ্চিত্র রইদ-এর প্রচারণাতেও গানের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। হাওয়ার প্রচারণায় যেমন সাদা সাদা কালা কালা গানটি মানুষের মুখে মুখে ছড়িয়ে দিতে ক্যাম্পাসগুলোতে কনসার্ট করা হয়েছিল, এবারও একই পথে হাঁটছে রইদ টিম। তারই অংশ হিসেবে আগামী ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য কনসার্ট রইদের গান।

জহির রায়হান চলচ্চিত্র সংসদ আয়োজিত এই বিশেষ আয়োজনে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া এবং সোহাগস ফ্রিকোয়েন্সি। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে শুধু গানই নয়, উপস্থিত থাকবেন সিনেমার প্রধান অভিনয়শিল্পী ও কলাকুশলীরাও।

ইতিমধ্যে রইদ সিনেমার দুটি গান দর্শক-শ্রোতাদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে। সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজুর কথা ও কণ্ঠে রইদে আইলা গা জুড়াইতে এবং প্রয়াত বাউল শিল্পী কানাই দাস বাউলের কণ্ঠে মাতান চাঁদ গোঁসাইয়ের কালজয়ী গান মন ছাড়া কি মনের মানুষ রয় এখন মানুষের আলোচনায়। ইমন চৌধুরীর নতুন সংগীতায়োজনে এই গানটি গত ৭ মে মুক্তি পায়। জাহাঙ্গীরনগরের কনসার্টে মেঘদল তাদের সিনেমার গানটি প্রথমবার গেয়ে শোনাবে বলে জানা গেছে।

রইদ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি এবং গাজী রাকায়েত। একজন সাধু ও তার মানসিকভাবে ভারসাম্যহীন স্ত্রী এবং একটি বিশাল তালগাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিনেমার রহস্যময় কাহিনী। সিনেমার গল্পে আদিম জীবনের ছাপ তুলে ধরতে চেয়েছেন নির্মাতা। আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি ইতিমধ্যে নেদারল্যান্ডসের রটারডাম চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad