Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

অনলাইন ডেস্ক ►
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয়জন প্রার্থীর সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া এই আসনে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে এবং ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। এরপর থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, যা চলবে ২৭ অক্টোবর সকাল পর্যন্ত।

মাঠপর্যায়ে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর মধ্যেই। চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য হয়।

বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁওকে একটি আধুনিক, শান্তিময় ও বেকারত্বমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে সরকারের উন্নয়নধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অন্যদিকে, জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন বিগত নির্বাচনের ধারাবাহিকতা এবং দলীয় সরকারের অধীনে নির্বাচনের অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এবার জনগণকে সঙ্গে নিয়ে একটি নতুন ইতিহাস গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা পরিবারতন্ত্রের অবসান, কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং বন্ধ বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আগামী ২৯ অক্টোবর এই আসনের ১৮৫টি কেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad