
ঠাকুরগাঁও প্রতিনিধি ►
ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামের রান্নাঘরের পাশ থেকে রুমন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত রুমন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।