Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

তরমুজ চাষে স্বাবলম্বী দিনাজপুরের মিনহাজ

তরমুজ চাষে স্বাবলম্বী দিনাজপুরের মিনহাজ

দিনাজপুর প্রতিনিধি ►

শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিতে সফলতার নজির গড়েছেন দিনাজপুরের বোচাগঞ্জের তরুণ কৃষি উদ্যোক্তা মিনহাজ উদ্দিন। উপজেলার রণগাঁও ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের বাসিন্দা এবং ঢাকার তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ফাজিল (অনার্স) পড়ুয়া এই শিক্ষার্থী শখের বশে শুরু করেছিলেন তরমুজ চাষ, যা এখন তার আয়ের বড় উৎস হয়ে দাঁড়িয়েছে।

মিনহাজ জানান, আলিম পরীক্ষার পর শখের বশে দুই প্যাকেট বীজ দিয়ে শুরু করেছিলেন চাষাবাদ। প্রথমবার সফল হওয়ায় উৎসাহ বেড়ে যায় বহুগুণ। এরপর উপজেলা কৃষি অফিসের পরামর্শে এবং মালচিং পদ্ধতিতে বাণিজ্যিক চাষ শুরু করেন। বর্তমানে তিনি সূর্য ডিম (হলুদ) ও মার্সেলো (কালো) জাতের রঙিন তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। ৫০ শতক জমিতে এই প্রকল্প বাস্তবায়নে মিনহাজের খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। এরই মধ্যে এক লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি। বর্তমান বাজারদর বজায় থাকলে আড়াই থেকে তিন লাখ টাকার তরমুজ বিক্রির স্বপ্ন দেখছেন এই তরুণ।

বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা মিনহাজের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মার্সেলো জাতের তরমুজ চাষে সরকারি সহযোগিতা ও প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান বলেন, মিনহাজের এই সফলতায় অনুপ্রাণিত হয়ে অন্য বেকার তরুণরাও আধুনিক কৃষিতে সম্পৃক্ত হতে পারেন।

নিজের এই অর্জনে আনন্দিত মিনহাজ শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে বলেন, চাকরির পেছনে না ছুটে আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তা নিয়ে যে কেউ চাইলে উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন। মিনহাজের এই উদ্যোগ প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে পড়াশোনার পাশাপাশি কৃষির মাধ্যমেও সুন্দর ক্যারিয়ার গড়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad