
দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির তিন বছর মেয়াদি একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতাউর রহমান সরকার নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁদের স্বাগত জানান। তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে সরকারের পাশাপাশি সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ কমিটির ভূমিকা অপরিসীম।
নবগঠিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দিনাজপুর সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুরুল কাদের, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ড. শেখ মনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, ব্যবসায়ী মিজানুর রহমান (মিজান), দীপ্ত টেলিভিশনের দিনাজপুর জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, ব্যবসায়ী আখতারুজ্জামান চৌধুরী, বিটিভি দিনাজপুর জেলা প্রতিনিধি মোফাসিরুল রাশেদ মিলন, সাবেক খেলোয়াড় গোলাম জাকারিয়া, ব্যবসায়ী সৈয়দ সাগীর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান পাটোয়ারী বাবু এবং এনজিও কর্মী হাজেরা হাসান। ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন প্রদান করেছে কেন্দ্রীয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সভায় জানানো হয়, আগামী তিন বছর এই কমিটি দুর্নীতি দমন কমিশনের নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি, প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা এবং জেলা দুর্নীতি দমন কমিশনকে সার্বিকভাবে সহযোগিতা করবে। সভা শেষে জেলা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে নবগঠিত কমিটির সঙ্গে গঠনতন্ত্র ও কর্মপরিকল্পনা অনুযায়ী দুর্নীতি দমনে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস প্রদান করা হয়।