
দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরের বিরল উপজেলায় মাদরাসার শৌচাগারের ভেতর থেকে সাফায়েত হোসেন (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার পৌর শহরের ‘মাদরাসাতুস সুন্নাহ’ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত সাফায়েত ওই উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে মাদরাসার শৌচাগারের দরজা ভেতর থেকে আটকানো দেখে সন্দেহ হয় পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনের। ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি দরজার ওপর দিয়ে উঁকি দেন এবং ভেতরে সাফায়েতকে পড়ে থাকতে দেখেন। এরপর দরজা ভেঙে শিশুটিকে দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। শিশুটির শরীরে কোনো অস্বাভাবিক চিহ্ন রয়েছে কি না বা এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ঘটনার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্ত শেষ হলে প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রশাসন।