
দেশে এসেছে ওসমান হাদির মরদেহ—ছবি: মাধুকর।
মাধুকর ডেস্ক►
দেশে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে নিয়ে যাওয়া হবে। সেখানের হিমঘরে তার মরদেহ রাখা হবে।
এদিকে, ওসমান হাদির মরদেহ শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এরপর বেলা আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে বলেও জানিয়েছে সংগঠনটি।
এর আগে, আজ বাংলাদেশ সময় দুপুর দুইটার পর হাদির মরদেহ বহনকারী বিমানটি সিঙ্গাপুর ত্যাগ করে। আজ সকাল ১০টায় সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে তার জানাজা হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা হয়নি।
প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার সার্জারী হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।