Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নওগাঁয় অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

নওগাঁয় অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

আব্দুর রউফ রিপন, নওগাঁ  ►
উৎসবমুখর পরিবেশে নওগাঁয় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দিনব্যাপী কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার সকালে শহরের ঐতিহ্যবাহী নওজোয়ান মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন পর বিকেলে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিটি পুলিশ এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা পুলিশ  এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করে।  

এদিন বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং এর কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দ।

সদর থানার ওসি মো: আসাদুজ্জামান জানান চ্যাম্পিয়নশিপে জেলার ১১টি পুরুষ দল ও ৩টি নারী দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে পুরুষ বিভাগে মান্দা থানার দল এবং নারী বিভাগে নওগাঁ সদর মডেল থানার দল বিজয় অর্জন করে। ফাইনাল খেলা উপভোগ করতে নওগাঁর বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার দর্শক নওজোয়ান মাঠে উপস্থিত হন। এসময় দর্শকদের ব্যাপক উপস্থিতিতে মাঠেজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার আগ্রহী, মেধাবী ও উদ্যমী অনূর্ধ্ব-২০ বছর বয়সী নারী ও পুরুষ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের নির্ধারিত ফরমে নিবন্ধন সম্পন্ন করার পাশাপাশি প্রতিটি খেলা শেষে সংযুক্ত খেলোয়াড় মূল্যায়ন ফরম অনুযায়ী তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যে নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় এবং সকল জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার পরামর্শক্রমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, সামাজিক সম্প্রীতি জোরদার হবে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad