
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশন অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশন এলাকা দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিহতের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।