
অনলাইন ডেস্ক ►
নাইজেরিয়ার ওন্দো রাজ্যে বিষাক্ত অ্যালকোহল পান করে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। স্থানীয়ভাবে তৈরি এই মদ পানে প্রায় ১৭০ জন অসুস্থ হয়ে পড়েছেন। গত ৫ সেপ্টেম্বর ওদিগবো, আরারোমি-ওবু এবং ইরেলে এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে।
চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগীদের অনেকেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। ধারণা করা হচ্ছে, ওই মদে মিথানলের মতো বিষাক্ত কোনো উপাদান মিশে ছিল। বর্তমানে পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখনো উদ্বেগজনক, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।