
অনলাইন ডেস্ক ►
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট সম্প্রসারিত নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি এই নতুন ভবনটির উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এই নতুন ভবনটি চালুর ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা ৫০০ থেকে বৃদ্ধি পেয়ে ১ হাজারে উন্নীত হলো। ১৫ তলা বিশিষ্ট এই আধুনিক ভবনটির নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে ব্যবহৃত হবে, যেখানে গাড়ি পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন সার্ভিস সেকশন রয়েছে। উপরের ১২ তলায় আধুনিক ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও উন্নত ডায়াগনস্টিক ইউনিটের সুবিধা রাখা হয়েছে। এছাড়া রোগীদের জন্য নতুন এই ভবনে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিনের ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, দেশের স্নায়ুরোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর মাতা মরহুমা বেগম খালেদা জিয়া এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালটির নতুন এই ভবন উদ্বোধন করলেন। নতুন এই স্থাপনা সংযোজনের ফলে বাংলাদেশের নিউরোসায়েন্স চিকিৎসা খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।