Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:২২
ফটো কার্ড

নীলসাগর ট্রেনের কোচ লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

নীলসাগর ট্রেনের কোচ লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

রাতে রেললাইন মেরামত কাজ চলছে

নওগাঁ প্রতিনিধি ►

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনায় কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। গত বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়। সান্তাহার স্টেশন পার হয়ে তিলকপুর স্টেশনের দিকে যাওয়ার সময় সিগন্যাল অনুসরণ না করায় বগুড়ার আদমদীঘি উপজেলার বাগমারি এলাকায় ট্রেনের ৯টি কোচ লাইনচ্যুত হয়। এতে আহত হয় ৬৬ জন। এর মধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন, আরো ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছয়জনকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রাক্কালে প্রকৌশল বিভাগের লোকজন ব্যানার ফ্ল্যাগ ধরে এবং কশান মেসেজ দিয়ে রেল চেঞ্জের কাজ করছিলেন। স্টেশন থেকেও কশান অর্ডার দেওয়ার কথা। তা লোকো ড্রাইভার অনুসরণ না করায় কোচের লাইনচ্যুতির কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও প্রধান সংকেত প্রকৌশলী। ঢাকা থেকে বুধবার সন্ধ্যায় ও রাতে ছাড়বে এ রকম সব কটি ট্রেন ছেড়ে গেছে।

সান্তাহার জংশন স্টেশনের অধীনে দায়িত্বে থাকা ওয়েম্যান সোহেল রানা বলেন, রেল ভেঙে যাওয়ার কারণে এখানে কাজ হচ্ছিল। কন্ট্রোল রুমে সিগন্যাল দেওয়া আছে। তারপরও লাল ব্যানার দেওয়া থাকে। সিগন্যাল ও লাল ব্যানার উপেক্ষা করে ট্রেনটি এসে দুর্ঘটনায় পড়ে। এমনকি হাতের সিগন্যালও মানেননি চালক। সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, কীভাবে এটা হলো এখন বলা যাবে না। পরবর্তীতে বলা যাবে। কারণ এখন এখানে ট্রেনের ড্রাইভার নেই।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, সান্তাহারের দুর্ঘটনা অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন রেলের প্রধান পরিবহন কর্মকর্তা, পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী ও চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঘটনাস্থল পরিদর্শন শেষে দুর্ঘটনার কারণ খুঁজে দ্রুত সময়ে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মহাব্যবস্থাপক আরও জানান, তিনিসহ পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রিলিফ ট্রেন উদ্ধার অভিযান শুরু করেছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি জানান, যত দ্রুত সম্ভব উদ্ধার তৎপরতা চালিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এ রেল দুর্ঘটনা শুধুই দুর্ঘটনা কি না বা এতে কোনো ষড়যন্ত্র আছে কি না সে বিষয়ে দ্রুত তদন্ত জমা দেওয়ার জন্য বলেছেন। দুর্ঘটনার ফলে রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় আমরা দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। দুর্ঘটনায় যারা আহত আছেন তাদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad