
নিজস্ব প্রতিবেদক ►
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহামুদুন নবী টিটুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ জালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হক মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূট্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশের আগে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।