
মোদাচ্ছেরুজ্জামান মিলু►
উত্তরবঙ্গের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী দীর্ঘদিন থেকে নারী অধিকার, নারীর মানবাধিকার, পারিবারিক নির্যাতন প্রতিরোধসহ কিশোরীদের বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পল্লীশ্রী গাইবান্ধা জেলায় হোপ প্রকল্পের মাধ্যমে নারীর মানবাধিবকার প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ‘স্ট্রেনদেনিং দ্য হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল পার্টিসিপেশন অব মার্জিনানালাইজ্ড গ্রুপ ইন বাংলাদেশ উইথ স্পেসিফিক ফোকাস অন ওমেন অ্যান্ড গার্লস (হোপ) প্রকল্পের আওতায় গতকাল সোমবার আয়োজন করে জেলা পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনের সাথে মানবাধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান।
গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা(গানাসাস) এর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা, কিশোরীদের অংশগ্রহণে কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান ও নাটক। অংশগ্রহণকারীরা নারী অধিকার বিষয়ক কবিতা ও গান পরিবেশন করেন। এছাড়া গাইবান্ধার নাট্য ব্যক্তিত্ব আলাল আহমেদের রচনায় ও নির্দেশনায় বাল্যবিবাহ বিরোধী এক নাটিকা মঞ্চস্থ হয়। নাটিকার নাম ছিলো ‘গোলপী’।স্কুলছাত্রী গোলাপীর স্কুলে যাতায়াতের সময় বখাটে ছেলে জোরপূর্বক ভালোবাসা পাওয়ার জন্য উত্যক্ত করে। এমনি পর্যায়ে ঘটকের পরামর্শে গোলাপীর অন্যত্র বিয়ের ব্যবস্থা করে গোলাপীর বাবা। পরবর্তীতে ইউনিয়নের চেয়ারম্যান প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ করেন।
অনুষ্ঠানের আলোচনা পর্বে আলোচনা করেন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী হাবুল, দৈনিক মাধুকর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, জেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপ্রধান অঞ্জলী রানী দেবী, প্রকল্পের কোঅর্ডিনেটর মাহমুদ মানিক, টেকনিক্যাল কোঅর্ডিনেটর মতিয়া বেগম মুক্তি, শিক্ষক শাকিলা পারভীন, নবীউল ইসলামসহ অন্যান্যরা। আলোচকগণ বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর মানবাধিকার রক্ষায় সকলের অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানান। উল্লেখ্য মোট ১২টি স্কুলের কিশোরী ও শিক্ষকরা এই প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে।