Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

ফুলছড়ি উপজেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

ফুলছড়ি উপজেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব।

এ জন্য নির্ধারিত বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মো. রুহুল আমিন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নে স্থাপিত ১৬৮টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদান করা হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা কার্যক্রমও পরিচালনা করবেন। এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ২৫ হাজার ৪৩৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ করে টিকা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সরকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। হাম প্রতিরোধে এ টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল অভিভাবককে স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্টরা আশা করছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে উপজেলার শিশুদের মধ্যে হাম-রুবেলার ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad