.jpg)
ফুলছড়ি প্রতিনিধি ►
‘শিশুবিয়ে আর নয়, শিশু করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সমাজের সর্বক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব জাহিদ হাসান জীবন, গণ অধিকার পরিষদের সভাপতি মুরাদ হোসেন, ফুলছড়ি থানার এসআই সুকুমার রায়, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি লাভলী খাতুন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি মুশকুর রহমান এবং ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামসুল হক আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও স্বপ্নপূরণের পথে বড় বাধা। অল্প বয়সে বিয়ের কারণে অনেক মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়। একই সঙ্গে তারা বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত ঝুঁকির মুখে পড়ে। তাই বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য দূর করে প্রতিটি শিশুর জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। মেয়েরা উপযুক্ত সুযোগ পেলে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও নেতৃত্বসহ সব ক্ষেত্রেই নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারবে। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।