Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

ফুলছড়িতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসন এমপির মতবিনিময় সভা

ফুলছড়িতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসন এমপির মতবিনিময় সভা

ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার সম্ভাবনাময় খাতগুলোর উন্নয়ন এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৮ (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫)-এর দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য মমতাজ আলো। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, কৃষি ও শিক্ষা খাতের অগ্রগতি, স্বাস্থ্যসেবার বিভিন্ন সংকট, চরাঞ্চলের যোগাযোগ ও নদীভাঙনসহ নানা সমস্যা এবং সেগুলো উত্তরণে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মমতাজ আলো বলেন, গাইবান্ধা সম্ভাবনাময় একটি জেলা। এ জেলার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ফুলছড়ি উপজেলার সম্ভাবনাগুলোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করা হবে। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ, উপজেলা আইসিটি কর্মকর্তা রুবেল মিয়া এবং উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য মমতাজ আলো। পরে তিনি ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad