Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়িতে ভাঙন আতঙ্ক: ঘরহারা হওয়ার শঙ্কায় নদীপাড়ের মানুষ

ফুলছড়িতে ভাঙন আতঙ্ক: ঘরহারা হওয়ার শঙ্কায় নদীপাড়ের মানুষ

আমিনুল হক, ফুলছড়ি ►
গাইবান্ধার ফুলছড়িতে শুকনো মৌসুমেই যমুনা নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। হঠাৎ শুরু হওয়া এ ভাঙনে নদীতীরবর্তী মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। কোথাও নদীতীরের মাটি ধসে পড়ছে, কোথাও ভাঙন ঠেকাতে ফেলা জিওব্যাগ চলে যাচ্ছে নদীগর্ভে। বিশেষ করে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা, রতনপুর ও বানিয়াপাড়া এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। এতে বসতভিটা, ফসলি জমি ও স্থাপনা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।

অন্যদিকে, ভাঙন ঠেকাতে চলমান স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের বেশ কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় বালুভর্তি জিওব্যাগ মজুত করে রাখা হলেও সেগুলো ঝুঁকিপূর্ণ স্থানে ফেলা হচ্ছে না। ফলে ভাঙনের ঝুঁকি বাড়লেও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না থাকায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর।

কাটাদ্বারা ঘাট এলাকার বাসিন্দা আলেফ আলী মিস্ত্রি বলেন, ‘নদীভাঙন রোধে সরকার বরাদ্দ দিয়েছে, অথচ ঠিকাদার কাজ করছেন না। বস্তায় বালু ভরে প্রস্তুত করে রাখা হয়েছে। সেলাই করে সেগুলো দ্রুত নদীর ভাঙনকবলিত স্থানে ফেললেই কিছুটা হলেও ভাঙন রোধ করা সম্ভব। কিন্তু ব্যাগগুলো নদীতে না ফেলে এক জায়গায় জমা করে রাখা হয়েছে। এভাবে সময়ক্ষেপণ করলে নদী আরও ভাঙবে, আর আমাদের ঘরবাড়ি ও জমিজমা নদীতে চলে যাবে।’ একই এলাকার হাজেরা বেগম বলেন, ‘নদীভাঙনে কয়েকবার বসতভিটা হারিয়েছি। গত দুই বছর নদীভাঙন ছিল না। ভেবেছিলাম এবার হয়তো নিরাপদে থাকতে পারব। কিন্তু এখন যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে আবারও বাড়িঘর হারানোর ভয় হচ্ছে।

ভাঙন এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, মৌসুমের শেষ দিকে নদীভাঙন শুরু হলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়। এখন নদীর পানি অনেকটা নিচে নেমে গেছে। এতে নদীতীরের মাটি সরে যাচ্ছে এবং জিওব্যাগগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু সায়েম শাফিউল ইসলাম বলেন, ভাঙন কবলিত ওই এলাকায় ২৩৪ কোটি টাকার বিশ্বব্যাংকের একটি প্রকল্প অনুমোদিত রয়েছে। সেখানে নতুন করে অন্য কোনো কাজের সুযোগ নেই। ওই প্রকল্পের কিছু জিওব্যাগ রয়েছে। সেগুলো দিয়ে ভাঙনকবলিত এলাকায় যতটা সম্ভব ভাঙন রোধের চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, ভাঙনকবলিত এলাকায় কিছু জিওব্যাগ টাস্কফোর্সের গণনার অপেক্ষায় রয়েছে। গণনা শেষ হলে সেগুলো ফেলা হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad