
ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ শিক্ষার্থীর হাতে উন্নত জাতের আমের চারা তুলে দেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্বাচিত সভাপতি শাহ আলম যাদুর ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম, থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহ আলম যাদু, প্রধান শিক্ষক মাহবুবা আকতার, ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন, সাংবাদিক বিমল কুমার সরকার ও শাকিল আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি শাহ আলম যাদু বলেন, ‘শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার মূল উদ্দেশ্য হলো তাদের বৃক্ষরোপণে উৎসাহিত করা। তারা নিজ নিজ বাড়িতে এসব চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা করলে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে এসব গাছ থেকে তারা সুস্বাদু ফলও পাবে।’
এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে আমের চারাগুলো রোপণ করে নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানানো হয়। শিক্ষক ও অভিভাবকেরাও উদ্যোগটির প্রশংসা করে বলেন, এমন কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।