Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি ►
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এসআরবি-১২, বগুড়া ক্যাম্প। অভিযানে একই সঙ্গে কারখানা থেকে ৮০ কেজি ময়দার ডো, ৭০ কেজি চামড়ায় ব্যবহারের লবণ এবং ৮০ কেজি পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

অভিযানের বিষয়ে বিকেলে সাড়ে ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর সংরক্ষণ করা হচ্ছিল। নোংরা পরিবেশে ও পায়ে মাড়িয়ে ময়দার ডো তৈরি এবং মেঝেতে ফেলে চানাচুরে মসলা মেশানোর কাজ করা হচ্ছিল। এছাড়া পোড়া তেলে চানাচুর ভাজা এবং নন-ফুড গ্রেড রং ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়। কারখানার রান্নাঘরে তেলাপোকাসহ বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি পাওয়া যায়। খাদ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা পোশাক ব্যবহার না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।

তিনি আরও জানান, এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানে আনুমানিক ৮০ কেজি ময়দার ডো, ৭০ কেজি চামড়ায় ব্যবহৃত লবণ এবং ৮০ কেজি ব্যবহার অনুপযোগী পোড়া তেল জব্দ করে বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।

বগুড়া নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানের নিরাপত্তায় এসআরবি-১২ ও জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad