Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

বন্ধুজন দিনাজপুর জেলা কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন,আলোচনা সভা, কেক কাটা ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

বন্ধুজন দিনাজপুর জেলা কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন,আলোচনা সভা, কেক কাটা ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

সুলতান মাহমুদ,দিনাজপুর ►
বর্ণাঢ্য আয়োজন, আনন্দঘন পরিবেশ ও মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে বন্ধুজন দৈনিক খবরের কাগজের সহযোগী সংগঠন “বন্ধুজন” দিনাজপুর জেলা কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে।

বুধবার (২৯ এপ্রিল) দিনাজপুর প্রেসক্লাব চত্বরে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভা, কেক কাটা এবং অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দিনাজপুর বন্ধুজন জেলা কমিটির সভাপতি সিফাত হাসান রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবিত হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক হবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক খবরের কাগজের দিনাজপুর জেলা প্রতিনিধি সুলতান মাহমুদসহ জেলা কমিটির সকল সদস্যবৃন্দ।

আলোচনা সভা ও কেক কাটা প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বন্ধুজনের এক বছরের কার্যক্রম তুলে ধরেন। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সদস্য ও উপদেষ্টারা একে অপরকে কেক খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানস্থলে ফটোসেশনসহ নানা আয়োজনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ বন্ধুজনের সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করেন, যা সদস্যদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানের অংশ হিসেবে প্রেসক্লাব চত্বরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়। ক্ষুধার্ত মানুষের হাতে খাবার তুলে দিতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন সংগঠনের সদস্যরা।

তারা জানান, সমাজে এখনও অনেক মানুষ একবেলা খাবারের অভাবে কষ্টে দিন কাটান। নিজেদের সামান্য সঞ্চয় থেকে তাদের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের কার্যক্রম তুলে ধরা সাধারণ সম্পাদক সাবিত হাসান বলেন, ২০২৫ সালের ২৯ এপ্রিল বন্ধুজনের দিনাজপুর জেলা কমিটি গঠনের পর থেকেই সদস্যরা নিজেদের ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে একটি তহবিল গড়ে তোলেন। সেই অর্থ এবং দাতা সদস্যদের সহযোগিতায় তারা বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক হবিবুর রহমান বলেন, বন্ধুজন একটি সম্পূর্ণ সামাজিক সংগঠন, যা তরুণদের মানবিক কাজে উদ্বুদ্ধ করছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সমাজসেবায় যুক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করছে।

উপদেষ্টা ডা. রবিউল ইসলাম বলেন, ছোট ছোট ভালো কাজ একসময় সমাজে বড় পরিবর্তন আনতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানবসেবা একটি মহৎ কাজ, যা বন্ধুজনের সদস্যরা নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছে।

দৈনিক খবরের কাগজের প্রতিনিধি সুলতান মাহমুদ বলেন, অল্প সময়ের মধ্যেই বন্ধুজন জেলা কমিটি উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করেছে। শিক্ষার্থীদের এ উদ্যোগ ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

সভাপতি সিফাত হাসান রাকিব বলেন, অর্ধশতাধিক সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় বন্ধুজন একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করছে। তিনি ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনাজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু বলেন, মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে বন্ধুজন দিনাজপুর জেলা কমিটি তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে—যা তরুণদের জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad