
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলেন- চুনিয়াকান্দি দাসপাড়ার নৃশচন্দ্র দাসের ছেলে কনক (৪) এবং একই গ্রামের গৌতম দাসের ছেলে অপূর্ব (৪)। তারা সম্পর্কে প্রতিবেশী ও খেলার সাথী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কনক ও অপূর্ব বাড়ির সবার অগোচরে খেলতে খেলতে পাশের পদ্মপুকুর নামের একটি বিলের ধারে চলে যায়। একপর্যায়ে তারা বিলের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের পানিতে দুই শিশুর দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এরপর দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলেও তার আগেই তাদের মৃত্যু হয়।
চুনিয়াকান্দি গ্রামের ইউপি সদস্য ছানা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাত্র ৪ বছর বয়সী দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।