.jpg)
দিনাজপুর প্রতিনিধি ►
সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ জুন) দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান নিশ্চিত করেছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধীন মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস-এর নিকটে বিএসএফের বহরগাঁও ক্যাম্পের সদস্যরা ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। খবর পেয়ে মশালগাঁও বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।
প্রাথমিকভাবে স্থানীয়দের মাধ্যমে জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তারা ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। গত ২৬ মে ভারতীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দিনাজপুরের হাকিমপুর সীমান্ত এলাকায় নিয়ে যায় এবং একটি নির্দিষ্ট স্থানে রাখে। সেখানে আগে থেকেই আরও প্রায় ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি অবস্থান করছিলেন। তাদের দাবি, প্রায় সাত দিন পর বিভিন্ন দলে ভাগ করে সীমান্তের বিভিন্ন এলাকায় নেওয়া হয়। পরে পুলিশের একটি গাড়িতে করে তাদের ৮৭ বিএসএফ ব্যাটালিয়নের বহরগাঁও ক্যাম্পে আনা হয়। সেখানে একদিন রাখার পর শুক্রবার ভোরে সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এলাকায় নিয়ে গিয়ে বাংলাদেশে প্রবেশের নির্দেশ দেওয়া হয়।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলমান রয়েছে। তিনি আরও বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।