
সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালাপানি গ্রামে বাবলু নামে এক ব্যক্তির আয়োজিত মজলিসের (ফতেয়ার) খাবার খেয়ে অন্তত শতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। অসুস্থদের সাঘাটা, ফুলছড়ি, গাইবান্ধা ও বগুড়াসহ বিভিন্ন এলাকার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ৯৪ জন রোগী ভর্তি হয়েছেন।
স্থানীয় সূত্র ও রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সকালে কালাপানি গ্রামের বাবলু নামের এক ব্যক্তির বাড়িতে মজলিসের (ফতেয়ার) দাওয়াতে বিভিন্ন বয়সী অন্তত শতাধিক নারী-পুরুষ অংশ নেন। খাবার খেয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার কিছু সময় পর থেকেই অনেকের পেটে তীব্র ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রামের আরও মানুষ একই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে আক্রান্তদের কেউ হাসপাতালে, আবার কেউ স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে শুরু করেন।
স্থানীয়দের ধারণা, ওই দাওয়াতের খাবার খাওয়ার পর থেকেই অসুস্থতার সূত্রপাত। তবে কী ধরনের খাবার থেকে বিষক্রিয়া ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে খাবারের নমুনা পরীক্ষা ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এদিকে শুক্রবার অসুস্থতার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ আকন্দ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান। এ সময় সাঘাটা উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম হোসেন, সেক্রেটারি আব্দুল গফুরসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের লোকজনের সঙ্গে কথা বলেন।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিহানুল ইসলাম শোভন বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকতে পারে। যারা ওই খাবার খেয়েছেন, তাঁদের সবারই এ ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করছি, সবাই সুস্থ হয়ে উঠবেন।
এদিকে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থঝুঁকি নিয়ে স্বজনরা উৎকণ্ঠায় রয়েছেন। জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত খাবারের নমুনা পরীক্ষা, আক্রান্তদের তালিকা তৈরি, ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।