Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মাদক বিক্রি ছেড়ে দেওয়াই যেন কাল হলো ৩ পরিবারের

মাদক বিক্রি ছেড়ে দেওয়াই যেন কাল হলো ৩ পরিবারের

সৈয়দপুর প্রতিনিধি ►
মাদক বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরায় এবং নতুন করে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মাদকের হোতা, সুবিধা ভোগী ও মাদকাসক্ত চক্রের চরম নির্যাতনের শিকার হয়েছেন ৩ টি পরিবার। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার একজন সংরক্ষিত নারী কাউন্সিলরের নেতৃত্বে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

থানা পুলিশের সহযোগিতা না পেয়ে প্রায় ১৫ দিন পর আদালতে মামলা করা হলেও এক মাসেও কোন প্রতিকার মেলেনি। উল্টো প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সহায় সম্বল হারিয়ে ও উপার্জন বন্ধ হয়ে পরিবার পরিজনসহ ভোগান্তিতে পড়েছেন তারা। গতকাল মঙ্গলবার বেলা ১ টায় সৈয়দপুর প্রেসক্লাবে এই ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্থরা।

এতে জানানো হয়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গোলাহাট বদ্ধভূমি সংলগ্ন এলাকায় বসবাস করেন, মহির খান, নজরুল ইসলাম ও রেজাউল করিম পরিবার। তাদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন মহির খানের মেয়ে সাবিনা। তিনি বলেন, আমার মা ও খালা দীর্ঘদিন গাঁজা বিক্রি করতেন। এজন্য আমরা নতুন প্রজন্ম লেখাপড়া করেও সামাজিক ভাবে বেশ বিড়ম্বনাকর পরিস্থিতির শিকার। তাই তাদের বুঝিয়ে সেই অবৈধ কাজ থেকে ফেরাতে চেষ্টা করেছি।

এর প্রেক্ষিতে গত প্রায় ১ বছর ধরে অন্ধকার জগৎ থেকে ফিরে এসেছেন তারা। যে কারণে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ গত ৬ মাস জোড়ালো নজরদারি করে সত্যতা নিশ্চিত হয়েছে। ফলে তারা সন্তুষ্ট। কিন্তু এই এলাকার মাদকের হোতা দিনেশসহ মাদক বিক্রেতাদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া লোকজন মেনে নিতে পারেনি। 


তারা বার বার চাপ দিয়ে আসছেন আবারও মাদক বিক্রির জন্য। এক্ষেত্রে প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করার দায়িত্ব নিবে দিনেশ। শুধু তার কাছ থেকে গাঁজা নিতে হবে এবং ম্যানেজের জন্য টাকা দিতে হবে। এতে রাজি না হওয়ায় গত ২৬ অক্টোবর রাত সাড়ে ৯ টায় ওই চক্রটি অতর্কিত হামলা চালিয়ে লোহার রড, শাবল, কাঠের লাঠি দিয়ে বাড়ির গেট ভেঙে ঢুকে বেধড়ক মারধর ও এলোপাতাড়ি ভাঙ্চুর করে।

এসময় বাধা দেওয়া হলে রেজিয়া বেগমকে (৫৫) শাবলের আঘাতে রক্তাক্ত জখম করে। দৃষ্টি প্রতিবন্ধী নজরুল (৬২) কে চর থাপ্পড় মারে। এমনকি শিশু আহাদ (৩) কে লাথি দিয়ে ফুটবলের মতো ছুড়ে ফেলে আর একটা ছাগলের বাচ্চাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। বৈদ্যুতিক মিটার ভেঙে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

হামলাকারীরা আমাদের ৩ টি বাড়ি থেকে ৫ টি গরু, ৩ টি ছাগল, ৩ লাখ মূল্যের স্বর্ণালঙ্কার, নগদ দেড় লাখ টাকা, ফ্রিজ ভেঙে মাংস, সুটকি, ডিম, কাপড়-চোপড়, লেপ-কম্বল, টিউবওয়েল ও পানির পাম্প লুট করে নিয়ে যায়। এই মব সৃষ্টি করে সন্ত্রাসী কাজে নেতৃত্ব দেন সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর সাবিয়া সুলতানা ও গোলাহাট উর্দুভাষী ক্যাম্পের জীবন, রকি।

এরপর থানায় ১৫ দিন ধর্ণা দিলেও পুলিশ মামলা নেয়নি। ফলে বাধ্য হয়ে আদালতে পৃথক ৩ টা মামলা করা হয়েছে। মামলা নং যথাক্রমে সিআর- ১১৭৪, সিআর- ১১৭৯ ও সিআর- ১১৮০। এতে কুচক্রী মহল হুমকি অব্যাহত রাখায় আরও ২ টি ৭ ধারার মামলা করা হয়েছে। কিন্তু এখনও কোন সুরাহা মেলেনি। আমাদের গরুগুলো উদ্ধার হয়নি। আমরা নিরাপত্তা হীনতায় বাড়ির বাইরে যেতে পারছিনা। গরুর দুধ বিক্রি করে সংসার চলছিল। এখন তাও বন্ধ। ফলে উপার্জন নাই। খুবই কষ্ট করে দিন চলছে। এমন পরিস্থিতিতে ঘটনার সঠিক বিচার দাবি করেন তারা।

নজরুল ইসলামের স্ত্রী রেজিয়া বেগম বলেন, এতোদিন গাঁজা বিক্রি করলাম কেউ আসলোনা। আর এখন বন্ধ করে ভালো হয়ে চলছি। অথচ এতো ভয়াবহ ঘটনা ঘটানো হলো। তাহলে কি মাদক ব্যবসা করাই ভালো ছিল? আমরা অতীতের বেআইনি কাজের জন্য মামলার আসামি হয়ে আদালতে ঘুরছি। আর এখন অপরাধ না করায় জীবনের ঝুঁকিতে পড়েছি। কিন্তু কেন? প্রশাসন থাকতে কোন আইনে আমাদের উপর এই নির্যাতন ও অন্যায় করা হলো?

রেজাউল করিমের স্ত্রী মরিয়ম বেগম বলেন, আনোয়ারা বেগম ও রেজিয়া বেগম মাদক বিক্রি করতো বলে তাদের বাড়িতে হামলা করা হয়েছে। যদিও তারা এখন করেনা। আর আমিতো কোনদিনও এই কাজে জড়িত ছিলামনা। কেউ সার্চ করেও কোন তথ্য দিতে পারবেন না। আর আমার বাড়ি তাদের বাড়ি থেকে ১ শ গজ দূরে। তাহলে আমার বাড়িতে হামলা করে মারধর, ভাঙ্চুর ও লুটপাট করা হলো কেন? এটা অবশ্যই সন্ত্রাসী ও বেআইনি কর্মকাণ্ড। এর বিচার চাই।

দৃষ্টি প্রতিবন্ধী নজরুল ইসলাম বলেন, আমরা মাদক বিক্রির জন্য অপরাধী হলে সেজন্য প্রশাসন ব্যবস্থা নিবে। মাদক বিক্রি ছেড়ে দেওয়ার পর প্রশাসন কোন সম্পৃক্ততা না পেলেও একজন জনপ্রতিনিধি তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এভাবে কি হামলা ও লুটপাট করতে পারে? এটা কি অপরাধ নয়? নিজেরা অপরাধী হয়ে অন্যের দিকে মিথ্যে অভিযোগে আঙুল তোলা কোন আইনে বৈধ? আমরা এই জুলুমের বিচার চাই এবং জীবনের নিরাপত্তা চাই। আমরা স্বাভাবিক পরিবেশে সুষ্ঠুভাবে বাঁচতে চাই। আমরা গরীব মানুষ আমাদের বাঁচতে দেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad